সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং নাটোর-৩ আসনের সাবেক জুনাইদ আহমেদ পলকের দুটি অস্ত্র লাইসেন্সসহ হারিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত ৫ আগস্ট সংসদ ভবনের স্পিকারের রুম থেকে অস্ত্র দুটি হারিয়ে গেছে বলে দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রীর আইনজীবী। অস্ত্র দুটির মধ্যে একটি পিস্তল ও অপরটি শটগান।
এ সংক্রান্ত একটি আবেদন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়ার পর অনুলিপি সিংড়া থানায় দেওয়া হয়েছে।
পলকের আইনজীবী সাদ্দাম হোসেন দাবি করেন, গত ৫ আগস্ট পলক তার সঙ্গীদের নিয়ে জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের রুমে আশ্রয় নেন। পরে ওই দিনের পরিস্থিতি বিবেচনায় লাইসেন্সসহ ৩২ বোর পিস্তল ও ১২ বোর শটগান স্পিকারের রুমে রেখে আত্মগোপন করেন।
তিনি জানান, ৩ সেপ্টেম্বর ওই আবেদনের কপি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে এর অনুলিপি সিংড়া থানায় পাঠানো হয়।
সিংড়া থানার ওসি আবুল কালাম ওই অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সরকার পতনের পর বিদেশে যাওয়ার চেষ্টা চালান সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। এরপর ১৪ আগস্ট তাকে গ্রেফতার করে।