বগুড়ার ধুনটের পূর্ব গুডওয়ারী গ্রামে এক কিশোরীকে (১৪) অপহরণের পর তিনদিন আটকে রেখে মানিক মিয়া (২৫) নামে এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম শনিবার রাতে মানিক ও তার বাবা-মায়ের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছে। রবিবার বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
মামলার এজাহার সূত্র জানা যায়, ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের ওই কিশোরীকে পার্শ্ববর্তী পূর্ব গুডওয়ারী গ্রামের জহুরুল হকের ছেলে মানিক মিয়া প্রায় পাঁচ মাস আগে প্রেমের প্রস্তাব দেয়। ওই কিশোরী রাজি না হওয়ায় মানিক ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন। গত ৮ মার্চ রাতে ভিকটিম প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় বখাটে মানিক তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিজ বাড়িতে নিয়ে যায়। মানিকের বাবা জহুরুল হক ও মা মার্জিনা বেগম তাকে ছেলের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে ঘরে আটকে রাখেন। ওই সময় মানিক মেয়েটিকে ধর্ষণ করে। ১২ মার্চ বিকালে ভিকটিম কৌশলে মানিকের বাড়ি থেকে পালায়। শনিবার রাতে সে ধুনট থানায় মানিক ও তার বাবা মার নামে মামলা করে।
ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ওই কিশোরীকে আজ (রবিবার) বিকালে মেডিক্যাল পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/বিটি/টিএন/