শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে মহাসড়ক অবরোধ, অধ্যক্ষের পদত্যাগ দাবি

নাটোরের বড়াইগ্রামের খালিসাডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ও এক সহকারী অধ্যাপকের পদত্যাগের দাবিতে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে যান চলাচল বন্ধ করে দেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার ধানাইদহ বাজারসংলগ্ন নাটোর-পাবনা মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

কলেজের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টায় শ্রেণিকক্ষের বেঞ্চ মহাসড়কে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন শতাধিক শিক্ষার্থী। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। এ সময় মুষলধারে বৃষ্টি হলেও শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়েননি। বৃষ্টিতে ভিজে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলে দুপুর ২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘কলেজের অধ্যক্ষ আ ন ম ফরিদুজ্জামান ও সহকারী অধ্যাপক কে এম জাকির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন নস্যাতের চেষ্টা চালিয়েছেন। তারা উভয়ই ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর। কে এম জাকির হোসেন বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। অথচ গত ১৫ বছরে তাকে একদিনও কলেজে দেখা যায়নি। তিনি একটি ক্লাস না নিয়েও নিয়মিত বেতন তুলেছেন।’

এ বিষয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।’

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’