লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের আত্মত্যাগে সেনাবাহিনী গর্বিত: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বগুড়া সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। বুধবার (২ অক্টোবর) বিকালে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাপ্রধান বুধবার দিনভর বগুড়া সেনানিবাসে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। তিনি সকালে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন করেন। এ সময় তিনি বগুড়া সেনানিবাসে কর্মরত সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর সেনাপ্রধান বগুড়া আর্মি মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণাধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সকল পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন।

বক্তব্যের শুরুতেই শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তার জন্য গর্বিত।’ এরপর সকলের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বিকালে সেনাপ্রধান বগুড়া সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৪-এর সমাপনী খেলা উপভোগ করেন। উত্তেজনাপূর্ণ খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ প্রতিযোগিতায় বিভিন্ন সেনা অঞ্চলের ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন দল ৪-০ গোলে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত ২২ সেপ্টেম্বর প্রতিযোগিতা শুরু হয়েছিল।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাসদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।