মেয়ের জামাইকে আদালত চত্বরে ছুরিকাঘাত শ্বশুরপক্ষের

প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করায় রাজশাহী আদালত চত্বরে মেয়ের জামাইকে ছুরিকাঘাত করেছেন শ্বশুরপক্ষের লোকজন। বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর সামনে এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতে মেয়ের জামাই আতিকুল ইসলাম সাদ্দাম (২৮) আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কাটাখালী থানার বেলঘরিয়া মহল্লার আলাউদ্দিনের ছেলে। ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আতিকুলের শ্বশুর মো. শাহিন (৪৫) ও শ্যালক আলিফ ওরফে রাব্বি (১৮)। কাটাখালী পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়া মহল্লায় তাদের বাড়ি।

আদালত সূত্রে জানা গেছে, গত বছর পারিবারিকভাবে আতিকুলের সঙ্গে শাহরিন আক্তারের বিয়ে হয়। শাহরিন আক্তারের মা লাভলী বেগম গত ৩০ জানুয়ারি আদালতে আতিকুল ও তার মা-বাবাসহ চার জনের বিরুদ্ধে একটি নালিশি মামলার আবেদন করেন।

মামলার আরজিতে তিনি অভিযোগ করেন, বিবাহিত হওয়া সত্ত্বেও আতিকুল অবিবাহিত সেজে তার মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। আদালত সেদিন কোনো আদেশ না দিয়ে এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য কাটাখালী পৌরসভার মেয়রকে নির্দেশ দেন। পরে মেয়রের প্রতিবেদন এলে গত ১০ জুলাই আদালত মামলাটি গ্রহণ করেন এবং আসামিদের প্রতি সমন জারি করেন। সমন পেয়ে মামলার নির্ধারিত দিনে বুধবার আদালতে হাজির হন আসামিরা। এ সময় তাদের আইনজীবী জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তা মঞ্জুর করেন।

আদালতের স্টেনোগ্রাফার মনজুরুল হক জানান, মামলার নির্ধারিত দিনে বুধবার আদালতে হাজির হয়ে জামিন চান চার আসামি। আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এরপর আসামিরা আদালত থেকে বের হয়ে চত্বরে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। আদালত চত্বরে থাকা পুলিশ দুজনকে আটক করে। পরে তাদের রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, আতিকুলের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তবে গভীর ক্ষত নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আতিকুল দাবি করেন, মামলার বাদী লাভলী বেগম, তার স্বামী শাহিন এবং তাদের ছেলে রাব্বিসহ চার-পাঁচ জন তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থল থেকে দুটি ছুরি জব্দ করে পুলিশকে দেওয়া হয়েছে। তবে আতিকুলের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে শাহিনকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আসামিকে ছুরিকাঘাতের ঘটনায় আটক দুজনকে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আসামি মামলা করবেন বলে জানিয়েছেন।