বগুড়ার সোনাতলায় এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করায় মংলু শেখ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মান্নান এই রায় দেন।
আদালত সূত্র জানায়, মংলু শেখ বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া দড়ি হাঁসরাজ গ্রামের বাসিন্দা।তিনি ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিবেশী এক তরুণীকে (১৭) বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। পরবর্তীতে মংলু তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। নির্যাতিতা এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত অভিযোগটি তদন্ত করতে সোনাতলা উপজেলার তৎকালীন সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেন। ওই কর্মকর্তা ধর্ষণ হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মংলা শেখকে গ্রেফতার করে। কিন্তু তিনি জামিনে ছাড়া পান। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসকসহ ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে প্রায় ৮ বছর পর এই রায় ঘোষণা করেন আদালত।
বাদী পক্ষ ও সরকারি কৌঁসুলি স্পেশাল পিপি নরেশ মুখার্জী এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল মান্নাফ।
/জেবি/টিএন/