পুলিশের টিএডিএ বিল দ্রুত পরিশোধের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ পুলিশে এখনও বেশকিছু সমস্যা রয়ে গেছে। পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাবারের মান সন্তোষজনক নয়। নিম্নপদস্থ পুলিশ সদস্যদের টিএডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) বিল অনেক বকেয়া পড়ে গেছে।’ দ্রুত এসব বিল পরিশোধ করার জন্য নির্দেশ দেন তিনি। পুলিশ সদস্যদের কর্তব্য পালনের সুবিধার জন্য একই রেঞ্জের মধ্যে বদলি ও পদায়ন করা যায় কি না তা বিবেচনার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীতে আরএমপি সদরদফতরে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা তাদের চেষ্টা অব্যাহত রাখবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর যে পরিস্থিতিতে পুলিশ দায়িত্ব নিয়েছে, তার থেকে বর্তমানে অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে জনগণ বা আমরা এখনও কিন্তু সন্তোষজনক পর্যায়ে উপনীত হতে পরিনি। আমরা বলি, জনবান্ধব পুলিশ।  আমরা কিন্তু এটা করতে পারিনি। জাতীয় স্বার্থের বাইরে কোনও ধরনের অবৈধ আদেশ যেন পুলিশ সদস্যদেরকে দেওয়া না হয়- তা নিশ্চিত করতে হবে। আমাদের পুলিশের অধিকাংশ সদস্যই ভালো- কিন্তু গুটি কয়েকজনের অতিউৎসাহমূলক কর্মকাণ্ডের জন্য এতদিন পুলিশ জনবান্ধব হতে পারেনি।’

আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত থানাগুলো মেরামতের কাজ চলছে মন্তব্য করে তিনি ক্ষতিগ্রস্ত থানাগুলো মেরামতের জন্য সংশ্লিষ্টদের কাছে চাহিদাপত্র আহ্বান করে অতিদ্রুত মেরামত কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভাড়া বাসার পরিবর্তে জমি অধিগ্রহণ করে নিজস্ব জায়গায় থানা ভবন নির্মাণ করা যায় কি না তা যাচাই করার নির্দেশনা দেন তিনি।

আরএমপির পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের আইজিপি ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ। সভায় পুলিশ সদস্য ছাড়াও ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।