রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আর কোনও স্বৈরাচারের ঠাঁই হবে না: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ এ দেশের নির্বাচন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। আয়নাঘর বানিয়ে মানুষের ওপর অমানবিক নির্যাতন করেছে তারা।’

শনিবার (০২ নভেম্বর) বিকালে বগুড়া শহরের সাতমাথার মুক্তমঞ্চে নাগরিক ঐক্য জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই-সংগ্রামের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি। শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। এক হাজারের বেশি ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দেশে আর কোনও স্বৈরাচারের ঠাঁই হবে না। আমরা নতুন দেশ গড়বো। যেখানে থাকবে না সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি।’

নাগরিক ঐক্যের জেলার নেতা অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলার সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।