মঙ্গলবার রাজশাহীতে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকে যে বিষয়টি ঘটেছে তা আমাদের প্রত্যাশিত ছিল না। প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। তিনি নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা বিভাগ ও অর্থ বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছেন। যে সব রাষ্ট্রের নাগরিকরা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সে সব রাষ্ট্রের সহযোগিতা পাওয়ার জন্য আমরা সচেষ্ট রয়েছি।
হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থ চুরি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও বলেন, আমরা প্রত্যাশা করবো ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, ডিজিটাল মানুষ, ডিজিটাল কর্মদক্ষতা, ডিজিটাল চ্যাম্পিয়নের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সুরক্ষিত থাকবে। পৃথিবীর যত বড় হ্যাকার ও চক্রান্তকারি আসুক না কেন, সেটা ধরে ফেলার প্রযুক্তি বাংলাদেশের মানুষ অদূর ভবিষ্যতে আবিষ্কার করবে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে রাজশাহী কলেজ মাঠে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আট জেলার ২৫টি বিভাগের ৪৯টি স্টল স্থান পেয়েছে। বুধবার পর্যন্ত চলবে এ মেলা। বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ও রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।
/এআর/টিএন/