বগুড়ায় গণধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ১

ধর্ষণ

বগুড়ার সোনাতলার উত্তর বাঁশহাটা গ্রামের রবিবার (১৩ মার্চ) রাতে এক তরুণী (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। ওই তরুণী সোমবার রাতে সোনাতলা থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ এ ঘটনায় জড়িত থাকায় রানা মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

অভিযোগে জানা গেছে, ওই তরুণী রবিবার দুপুরে সৈয়দ আহমদ কলেজ স্টেশনে একটি দোকানে তার নষ্ট মোবাইল ফোন মেরামত করেন। বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ব্যাটারি চালিত অটোভ্যানে তুলে বাঁশহাটা গ্রামের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে রাত ১১টা পর্যন্ত ধর্ষণ করা হয়। ভিকটিমের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রাতেই ওই তরুণীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

সোনাতলা থানার ওসি আবদুল মোতালেব জানান, গণধর্ষণের শিকার তরুণী সোমবার রাতে তার মায়ের মাধ্যমে থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকায় উত্তর সুখানপুকুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রানা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি  আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

 

/এসটি/