ব্যাংকে জমা রাখতে গিয়ে ৯৩ হাজার টাকা খোয়ালেন ভিক্ষুক নুরজাহান

কুষ্টিয়া শহরের একটি ব্যাংকে ভিক্ষাবৃত্তির মাধ্যমে উপার্জিত ৯৩ হাজার টাকা জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন নূরজাহান (৯০) নামে এক বৃদ্ধা। রবিবার (২৬ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের একটি ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে তিনি প্রতারকের খপ্পরে পড়েন। এমন খবর ব্যাংকপাড়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় সর্বস্ব হারানো ওই নারী সকালেই কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে নূরজাহান নামে এক নারী ভিক্ষুক তার সারা জীবনের উপার্জিত নগদ ৯৩ হাজার টাকা নতুন হিসাব নম্বর খুলে জমা রাখতে যান কুষ্টিয়ার একটি ব্যাংকে। বয়সের ভারে নুয়ে পড়া ওই নারী ঠিকমতো হাঁটাচলা করতে না পারায় এক যুবক ওই নারীর হিসাব নাম্বার খুলতে সহায়তায় এগিয়ে যান। প্রয়োজনীয় কাজ সেরে ওই ব্যক্তি বৃদ্ধার কাছ থেকে ৯৩ হাজার টাকা নেন ব্যাংকে জমা দেওয়ার জন্য। সরল মনে ওই নারী টাকা তুলে দেন তার হাতে। 

ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পর একপর্যায়ে ওই ব্যাংকের কর্মকর্তাদের কাছে জানতে চান তার টাকা জমা হয়েছে কিনা। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নূরজাহান নামে কোনও হিসাব নম্বর খোলা হয়নি বা ওই নামে কোনও টাকাও জমা পড়েনি। ততক্ষণে ব্যাংকের কর্মকর্তারা বুঝতে পারেন ওই নারী প্রতারকের খপ্পরে পড়েছেন। বিষয়টি ভিক্ষুক নূরজাহান খাতুন জানতে পারলে কান্নায় ভেঙে পড়েন। পরে খুঁজে পাওয়া যায়নি ওই প্রতারককে।

ভুক্তভোগী নূরজাহান জানান, ২০ বছর আগে তার স্বামী কফিল উদ্দিন মারা যান। সহায় সম্বল কিছুই নেই। অসুস্থ শরীর নিয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করে চলেন। প্রতিবন্ধী দুই কন্যা সন্তান নিয়ে কষ্টে দিনাতিপাত করেন। সারা জীবনে ৯৩ হাজার টাকা জমিয়েছেন তিনি। বাড়িতে নিরাপদ মনে না করায় রবিবার সকালে মেয়ে শাবানা খাতুনকে নিয়ে ব্যাংকে যান টাকা রাখতে। দুপুর ১২টায় এক ব্যক্তি ব্যাংকে হিসাব খুলে দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে অগ্রণী ব্যাংক বড়বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রবিবার দুপুর ১২টার দিকে ব্যাংকে এ ধরনের ঘটনা ঘটেছে শুনেছি। নূরজাহান খাতুনের বর্ণনা অনুযায়ী সিসিটিভির ফুটেজ চেক করা হয়েছে। ওই ব্যক্তিকে পরিষ্কার চেনা যাচ্ছে না। বিষয়টি কুষ্টিয়া মডেল থানাকে জানানো হয়। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান জানান, নূরজাহান নামে এক বৃদ্ধা ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন মর্মে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আমরা কাজ করছি। ব্যাংক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। প্রতারককে শনাক্ত করার কাজ চলছে।