সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় গ্রিস প্রবাসীসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)।
নিহত শফিকুলের বন্ধু রাশেদ আলী বলেন, শফিকুল তার স্ত্রী ও বোনকে নিয়ে অটোভ্যানে করে নানা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে বাস চাপা দিলে তিন জন প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, অটোভ্যানে চড়ে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও চার জন আহত হয়েছেন। নিহতদের লাশ সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে আছে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।