জয়পুরহাটে সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আগামী ৩১ মার্চ এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সভায় চকবরকত ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুকুল সরকার তার নির্বাচনি এলাকায় পুলিশের সহায়তায় সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন। ওই ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী শাহজাহান আলী।

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোরশেদ আলম সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে সড়কে তোরণ নির্মাণ করে আলোকসজ্জার মাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগ করেন। যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত আসনে সদস্য প্রার্থীরা সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন। এমনকি সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি তোয়াক্কা না করার অভিযোগ করেন কয়েকজন।

তবে ভাদসা ইউনিয়নে বিএনপি দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন তার এলাকায় এখনও কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানান। এ পরিবেশ নির্বাচনের দিন পর্যন্ত বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

প্রার্থীদের এসব অভিযোগের জবাবে জেলা প্রশাসক আব্দুর রহিম বলেন, প্রতিটি নির্বাচনি এলাকায় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্বে থাকবেন। অভিযোগ পাওয়া মাত্র তাদের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান ও ৫টি ইউনিয়নের সাত ওয়ার্ডে ৭ জন সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১১১ জন এবং সাধারণ সদস্য পদে ২৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৮৪৫ জন। যার মধ্যে ৮৩ হাজার ১৯৭ জন পুরুষ এবং ৮১ হাজার ৬৪৮ জন মহিলা ভোটার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন প্রমুখ।

 

/এসএনএইচ/টিএন/