ধর্ষিত ওই কিশোরীর বাড়ি জেলার নাচোলের আমনুরা এলাকায়।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোরশেদ আলম জানান, ওই কিশোরীর সঙ্গে রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে রাজমিস্ত্রী খোকনের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার বিকালে বিয়ের প্রলোভন দিয়ে খোকন কিশোরীকে রাজশাহীতে ডেকে নিয়ে আসে। পরে খোকন তাকে নিয়ে ভাই ভাই আবাসিক হোটেলে উঠে। এরপর রাতে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে মেয়েটি আমাদেরকে জানিয়েছে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সকালে খোকন তার বন্ধু অটোরিকশাচালক রনিকে ডেকে হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় রনিকে আটক করা হয়েছে।
দুপুর ২টার দিকে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, এখনও কোনও মামলা হয়নি। তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠে। এ ঘটনায় হোটেলের কর্মচারীরা জড়িত কিনা তাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
পরে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ বিষয়ে আবারও খোঁজ নেওয়া হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) এসআই নাজমা খাতুন বলেন, ওই কিশোরীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে এখনও তার জ্ঞান ফেরেনি। সে এখন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আছে। আমরাও তার দেখভাল করছি।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। অসুস্থ থাকায় তার কাছ থেকে এখন পর্যন্ত লিখিত এজাহার নেওয়া সম্ভব হয়নি। তিনি সুস্থ হয়ে উঠলে লিখিত নেওয়া হবে।
/বিটি/টিএন/