ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাজে নিয়োজিত এক পুলিশ সদস্য নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এসময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর লরিটি আটক করেছে লালপুর থানা পুলিশ। নিহত পুলিশ সদস্য লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল রহমত আলী।
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান,উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত ছিল কনস্টেবল রহমত আলী এবং এটিএসআই খায়রুল ইসলাম। সোমবার দুপুরের পর রহমত আলী খায়রুল ইসলামকে মোটরসাইকেলে নিয়ে বনপাড়া এলাকা থেকে নির্বাচনী এলাকায় যাচ্ছিল। পথে কদিম চিলান এলাকায় পৌঁছালে পাবনা থেকে নাটোরগামী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য রহমত আলী নিহত ও খায়রুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন খায়রুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে লালপুর থানার একদল পুলিশ ধাওয়া করে লরিটি আটক করেছে। তবে রিপোর্ট লিখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা হয়নি।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/জেবি/