বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৪ হাজারের বেশি ভোটার। প্রবাসী, দেশের মধ্যে নির্বাচনি কাজে ব্যস্ত, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন সূত্রে জানা যায়, আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে ২৪ হাজার ৫৬৯ জন পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৪৮৮ জন ও নারী চার হাজার ৮১ জন। গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করেছেন তারা।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে তিন হাজার ৮২২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ তিন হাজার ৩৫৯ জন এবং নারী ৪৬৩ জন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নিবন্ধন করেছেন দুই হাজার ৮২০ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৪৭৯ জন এবং নারী ৩৪১ জন। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে তিন হাজার ৮২১ নিবন্ধন করেন। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ১৭৯ জন এবং নারী ৬৪২ জন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দুই হাজার ৫৩৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৫৩ জন ও নারী ৪৮১ জন। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নিবন্ধন করেছেন তিন হাজার ১৮৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৫৫৪ জন এবং নারী ৬২৯ জন। বগুড়া-৬ (সদর) আসনে নিবন্ধন করেছেন তিন হাজার ৭৪৯ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৮৮৬ জন ও নারী ৮৬৩ জন। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নিবন্ধন করেছেন চার হাজার ৬৪০ জন ভোটার। এর মধ্যে পুরুষ তিন হাজার ৯৭৮ জন ও নারী ৬৬২ জন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারই প্রথম বিদেশে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধারা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ছাড়া দেশের মধ্যে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন।’
তিনি আরও বলেন, ‘যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের কাছে আগামী ২১ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। তারা ভোট দেওয়ার পর ডাক বিভাগের মাধ্যমে তাদের ভোট নির্বাচন অফিসে পাঠাবেন। এতে ডাক মাশুল লাগবে না। প্রবাসী ভোটারদের মধ্যে যারা পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন তারা কোনও কারণে নির্বাচনের সময় দেশে চলে এলে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট দিতে পারবেন না।’
পোস্টাল ব্যালটে ভোট দিতে এবার প্রবাসীসহ সোয়া ১৫ লাখের বেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। সংখ্যার হিসাবে এটি দেশের মোট ভোটারের মাত্র ১ শতাংশ, তবু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল নির্ধারণে এই পোস্টাল ভোট কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ৩০০ সংসদীয় আসনে আগামী নির্বাচনের জন্য মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রবাসী ৭ লাখ ৬০ হাজারের কিছু বেশি। বাকিরা দেশ থেকে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পৌনে ছয় লাখ সরকারি চাকরিজীবী, প্রায় এক লাখ ৬০ হাজার নির্বাচনী কর্মকর্তা, ১০ হাজার আনসার-ভিডিপির সদস্য এবং ছয় হাজারের বেশি কারাবন্দি। তাদের ভোট কিছুটা হলেও নির্বাচনে প্রভাব ফেলবে।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, আসনভিত্তিক জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণে পোস্টাল ভোট কতটা গুরুত্বপূর্ণ, তা নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ, আসনভিত্তিক হিসাবে পোস্টাল ভোট খুব বেশি নয়। তবে কিছু আসনে এই ভোট ফলাফল নির্ধারণের নিয়ামক হয়েও ওঠতে পারে।