বগুড়ায় বহিষ্কৃত আরও ১০ নেতাকে দলে ফেরালো বিএনপি

বগুড়ায় ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত আরও ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। বুধবার রাতে (১৪ জানুয়ারি) রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দুই দফায় ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল।

নতুন করে সুখবর পাওয়া নেতারা হলেন- নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি কামরুল হাসান জুয়েল, কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য জোবাইদুর রহমান সবুজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু উপজেলা বিএনপির নেতা আব্দুল মান্নান, জাহিদ হাসান জালাল,
মাহবুবুর রহমান বাবু, কাহালু পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, গাবতলী পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল করিম এবং গাবতলী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি সাজেদুল আলম রাসেল।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য উল্লিখিত ১০ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ জানান, ভবিষ্যতে তারা কখনও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার বিএনপি মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন। বিএনপির দলীয় আদর্শ মেনে চলবেন। এই মর্মে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এর আগে গত ৪ জানুয়ারি সারিয়াকান্দি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নয় জন এবং ৫ জানুয়ারি বগুড়া জেলা, শহর ও কাহালু উপজেলা যুবদলের চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল।