প্রশাসনের কাছে নিরাপত্তা চাইলেন বিএনপির প্রার্থী

দুর্বৃত্তদের হামলায় নিজের নির্বাচনি কর্মী খুন হওয়ার পরপরই পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপিদলীয় প্রার্থী আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীনের কাছে এই আবেদন করেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা চেয়ে করা আবেদনটি তাৎক্ষণিক পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। তারা যাচাই-বাছাই করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন জানান, বুধবার রাত ১১টায় সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া কদমতলায় তার নির্বাচনি কর্মী জিয়া পরিষদের নেতা রেজাউল করিমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের কেউ এখনও গ্রেফতার হয়নি। ফলে তিনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাকে প্রায় সময় গ্রামেগঞ্জে ভোট চাইতে বের হতে হচ্ছে। এ কারণে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইফতে খায়ের আলম বলেন, নিরাপত্তার আবেদনটি যাচাই করা হচ্ছে। তবে ইতিমধ্যে সিংড়ার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আবেদনকারী প্রার্থীর নিরাপত্তার ব্যাপারেও নজরদারি বাড়ানো হয়েছে। তিনি যেসব স্থানে সভা–সমাবেশ করছেন, সেখানে সাদাপোশাকের পুলিশের নজরদারি থাকছে। কিন্তু তাকে ব্যক্তিগতভাবে পুলিশি নিরাপত্তা প্রহরী দেওয়া সম্ভব হয়নি।