বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি শেষে বাড়ি ফেরার পথে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

বগুড়ার নন্দীগ্রামে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থী বন্ধু নিহত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দলগাছা এলাকায় নামুইট-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভর তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে তামিম নেহাল ওরফে স্বাধীন (১৭) ও নাটোরের বাগতিপাড়া উপজেলার আবদুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে সিজানুর রহমান লেমন (১৭)। তারা দুই জন নন্দীগ্রাম মা কেজি অ্যান্ড হাইস্কুলের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্বাধীন নন্দীগ্রামের সিঁধইল গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাদের স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানের প্রস্তুতির কাজ শেষে দুই বন্ধু তামিম নেহাল ওরফে স্বাধীন ও সিজানুর রহমান লেমন বুধবার দুপুরে সিমলা বাজার এলাকা থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালিয়ে নিজ নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেলা ১২টার দিকে তারা নন্দীগ্রাম উপজেলার নামুইট-কালীগঞ্জ সড়কের দলগাছা এলাকায় পৌঁছেন। এ সময় কালীগঞ্জ ছেড়ে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে লেমন ও স্বাধীন মোটর মোটরসাইকেল থেকে রাস্তায় ছিঁটকে পড়লে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। দুই এসএসসি পরীক্ষার্থী বন্ধুর মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। ঘাতক ট্রাক শনাক্ত করে এ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে বগুড়া শহর ও বিভিন্ন উপজেলা এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছে। এ বিদায়কে তারা ‘র‌্যাগ ডে’ আখ্যায়িত করে একে অপরের ড্রেসে নানা ধরনের কথা লেখালেখি করেন। এরপর অত্যাধুনিক মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে বিকট শব্দের হর্ন বাজিয়ে ব্যস্ততম সড়কে চলাচল করছে। এ কিশোর অনেকের হাতে দামি সিগারেট দেখা যায়। এদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও প্রাইভেট কার শোডাউন দেখে পথচারীরা আতকে ওঠেন।