শেরপুরে তারেক রহমান

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার উন্নয়নে ভেসেছে দেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‌‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই উন্নয়নের জোয়ারে ভেসেছে দেশ। আমি বগুড়ার সন্তান, দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার মাটিতে এসে গর্বিত ও আনন্দিত। নাড়ির টানের অনুভূতি বলে বোঝানো অসম্ভব।’

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টার দিকে বগুড়ার শেরপুর পৌর টার্মিনালে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, তার ছেলে আসিফ রব্বানী, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুবর রহমান, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

তারেক রহমান আরও বলেন, ‘বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে বিপুল ভোটে বিজয়ী করে বগুড়ার শক্ত ঘাঁটি হিসেবে দেশবাসীকে জানান দিতে হবে।’

পথসভায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘নির্বাচনের পর ইনশাআল্লাহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। নির্বাচিত হলে চিকিৎসা ব্যবস্থা উন্নীতকরণ, শেরপুরে ফ্লাইওভার নির্মাণ, ধুনটের নদীভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ এবং আইটি শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করা হবে।’

পথসভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন।