বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়া গাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুস সালাম (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে বিএনপির কর্মী আবু বক্কর (২৮) ও শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রূপিহার গ্রামের আবু মুসার ছেলে বিএনপির কর্মী পারভেজ মোশারফ (২৫)। তাদের দলীয় সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছেন নেতারা।
বগুড়া সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপনে খবর পেয়ে মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে শাজাহানপুর ক্যাম্পের সেনাসদস্যরা মঙ্গলবার বিকালে তেঁতুলিয়াগাড়ি গ্রামে অভিযান চালান। তারা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুস সালামকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাকে নিয়ে বাড়িতে তল্লাশি করে একটি চায়নিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩৫টি বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তিতে পরে সহযোগী আবু বক্কর ও পারভেজ মোশারফকে গ্রেফতার করা হয়। রাতে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন জনকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
বুধবার দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, অস্ত্রসহ গ্রেফতার তিন আসামির বিরদ্ধে থানায় মামলা হয়েছে। দুপুরে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।