বগুড়ার সব আসনে বিএনপির কাছে পরাজয়ের পথে জামায়াত প্রার্থীরা

বগুড়ার সাতটি আসনের মধ্যে দুটিতে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাকি আসনগুলোর ভোট গণনার প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এতে দেখা যায়, অন্য আসনগুলোতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছেন।

তার মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ৪১টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। এখনও গণনা চলছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে ৬৪টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে বিএনপির ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ৮৮ হাজার ৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৩১ হাজার ১১৫ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। ১১৪টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯২ হাজার ৪৩২ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বিএনপি প্রার্থী আবদুল মহিত তালুকদার ১১৮ কেন্দ্রে এক লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ পেয়েছেন এক লাখ আট হাজার ৯৬৭ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট কেন্দ্র ১১৪টি। এর মধ্যে ২৬টির ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ১৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার মোস্তফা ফয়সাল পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের গোলাম মোহাম্মদ সিরাজ এগিয়ে রয়েছেন। ১৮৮টি কেন্দ্রের মধ্যে ৬৭টিতে তিনি পেয়েছেন ৮৬ হাজার ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের দবিবুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৬৬১ ভোট। সিরাজ ২৬ হাজার ৪৮২ ভোটে এগিয়ে আছেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১৭৩টি কেন্দ্রের মধ্যে ৫৯টির ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রব্বানী পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান রাত ১০টার দিকে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ফল ঘোষণা করেছেন।