বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ায় বড় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৯) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদের সামনে মাটিডালি বিমান মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ফাহিম হোসেন বগুড়া সদরের দক্ষিণ নওদপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি স্থানীয় একটি ঢালাই কারখানায় শ্রমিকের কাজ করতেন। ফাহিমের বড় বোনকে মাটিডালি বাজার এলাকার আবদুল হান্নানের ছেলে তনয় (১৯) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। প্রায় ছয় মাস আগে বোনের বিয়ে দেওয়া হলেও তনয় তাকে উত্ত্যক্ত করা বন্ধ করেননি। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক ও মারামারিও হয়।

ফাহিম তার বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ করলে তনয় তার ওপর ক্ষিপ্ত হয়। একটি মামলায় তনয় গ্রেফতার হলেও সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে। শনিবার সকাল ৯টার দিকে ফাহিম হোসেন বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিডালি বিমান মোড় এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছেন। এ সময় তাকে একা পেয়ে তনয় ও তার সহযোগীরা তার পিঠে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত ফাহিমকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ফাহিমের মৃত্যু হয়। ফাহিম বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডে ছাত্রদলের সদস্য ছিলেন বলে তার ভাই দাবি করেছেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, নিহত ঢালাই শ্রমিক ফাহিম হোসেনের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত বখাটে তনয় ও অন্যদের গ্রেফতারে একাধিক টিম অভিযানে রয়েছে।