বগুড়ার শাজাহানপুরে চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে আলুর বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার রাতে সংগঠনের জেলা শাখার দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন স্বাক্ষরিত চিঠিতে এ শোকজ করা হয়। কেন তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ও সশরীরে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উপস্থিত হয়ে জানাতে নির্দেশ দেওয়া হয় চিঠিতে। ব্যাখ্যার ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষক মেহেদী হাবিব আব্বাসী অভিযোগ করেছেন, আলুবোঝাই ট্রাক বা ট্রাকে আলু তুললে বা জমিতে বস্তায় আলু তোলার সময় সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত হন। পরে ট্রাক আটকে চাঁদা দাবি করা হয়। তাদের বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা দিলেই কৃষকরা রেহাই পান।
মেহেদী হাবিব জানান, গত ৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে আলু নিয়ে হিমাগারে যাচ্ছিলেন। শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন ও শহীদ হোসেনসহ কয়েকজন ট্রাকের গতিরোধ করেন। এ সময় তারা প্রতি বস্তা আলুর জন্য ২০ টাকা করে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেন। পরে বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত লোকজন টের পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ধাওয়া করেন। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীলদের নজরে আসে বিষয়টি।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, দায়িত্বশীল অবস্থানে থেকেও সম্প্রতি আপনারা এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছেন যা সমাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টিগোচর হয়েছে। যা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি। আপনাদের এ ধরনের অবস্থানকে সংগঠনের বিরুদ্ধে কার্যত বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য করা হচ্ছে। অতএব, কেন আপনাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাতে নির্দেশ দেওয়া হলো। ব্যাখ্যার ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল জানিয়েছেন, আলুর বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে ওই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।