ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, গাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে আগুন দিয়েছেন। নিহতরা হলেন- কাউছার ইমাম (৩৫) ও তার ছয় বছরের শিশুসন্তান রেদোয়ান হোসেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’