রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২২ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ি দিঘীর মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তিনি বেড়াবাড়ি এলাকার আলমগীর হোসেনের ছেলে। লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে সাব্বিরের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে ওই গ্রামের সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের ছেলেসহ দুজন জড়িত বলে জানান নিহতের স্বজনরা।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্ড অফিসার মোদাচ্ছের হোসেন খাঁন বলেন, ‘আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।’