পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল হোসেন এবং নসিমন চালক শামসুলকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে নসিমন ও করিমন যানবাহনে থাকা ১২ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়।
চাটমোহর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তেলের মালিক উপজেলা সদরের জারদিস মোড় এলাকার মকবুল হোসেনের ছেলে লিটন এবং নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর (কুজ্যার মোড়) এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেন। তারা বাঘাবাড়ী এলাকা থেকে তেল কিনে আনছিলেন বলে দাবি করলেও কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এদিকে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জব্দ করা তেলের মান নিয়েও প্রশ্ন তুলেছেন।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দ করা তেল মথুরাপুর এলাকায় নিয়ে প্রকাশ্য খোলা বাজারে বিক্রি করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।