জয়পুরহাটের সদর উপজেলার বুজরুগ ভারুনিয়া (তেতুলতলী) গ্রামের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী দীপন আইন্দীকে(২০) ছয়দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বাবা দিলীপ ও মা তপতির জ্যেষ্ঠ সন্তান দীপন ২০১৪ সালে জিপিএ ৫ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে পাস করে জয়পুরহাট সরকারি কলেজে ভর্তি হয়। পড়াশোনায় সে অত্যন্ত মেধাবী ছিল বলে জানা যায়।
গ্রাম্য চিকিৎসক মনোয়ার হোসেন জানান, গ্রামের প্রায় সব মানুষ দীপনকে ভালো ছেলে হিসেবে জানে। এ গ্রামে দীপনদের পরিবার ভদ্র পরিবার হিসেবে পরিচিত। গত ছয় দিনেও ছেলেটির খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই ভেঙে পড়েছেন।
দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, দীপন নিখোঁজের খবর পেয়ে তাদের বাড়িতে তিনি গিয়েছিলেন। দীপনের বাবাকে সঙ্গে নিয়ে থানায় একটি সাধারণ ডায়রি করার পর বিষয়টি স্থানীয় র্যাব ক্যাম্পেও জানানো হয়েছে। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।
ওসি জানান, থানায় জিডি করার পর এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে এখনও কোন সন্ধান পাওয়া যায়নি।
/এইচকে/