দাদন ব্যবসায়ীর মারপিটে দম্পতি আহত, ঘরে তালা

বগুড়ার সারিয়াকান্দিতে দাদনের টাকা পরিশোধ না করায় দাদন ব্যবসায়ীদের মারপিটে এক দম্পতি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার দীঘলকান্দি গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় এ ঘটনার সময় তাদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আহত নব মুসলিম শফিকুল ইসলাম ও স্ত্রী জাহানারা বেগমকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সারিয়াকান্দি সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকার মোহাম্মদ আলী খুকু প্রামানিকের ছেলে শফিকুল প্রামানিক ও সফু প্রামানিক দীর্ঘদিন দরে এলাকায় উচ্চ সুদে দাদন ব্যবসা করে আসছেন। তাদের কাছে প্রতিবেশি নব মুসলিম শফিকুল ইসলাম ব্যবসা ও অন্যান্য কাজের জন্য এক বছর আগে মাসিক শতকরা ২০ টাকা হারে ২ লাখ ৭০ হাজার টাকা দাদন নেন। এর মধ্যে সুদসহ ৫৩ হাজার টাকা পরিশোধ করেন। অবশিষ্ট টাকা দিতে দেরি হওয়ায় দাদন ব্যবসায়ীরা তার ওপর ক্ষুব্ধ হন।

বৃহস্পতিবার সকালে তারা বাড়িতে গিয়ে টাকা দাবি করেন। দিতে না পারায় তারা শফিকুল ও তার স্ত্রী জাহানারাকে বেদম মারপিট করেন। এক পর্যায়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীরা ওই দম্পতিকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

নির্যাতনের শিকার নব মুসলিম শফিকুল ইসলাম জানান, তিনি টাকা ফেরত দেওয়ার জন্য এক মাস সময় চেয়েছিলেন। কিন্তু তারা সময় না দিয়ে স্ত্রীসহ তাকে মারপিটও অন্যায়ভাবে ঘরে তালা ঝুলিয়ে দেয়।

তিনি আরও জানান, সুস্থ হয়ে দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

দাদন ব্যবসায়ী শফিকুল প্রামানিক ওই দম্পতিকে মারপিটের কথা অস্বীকার করে বলেন, টাকা না দেওয়ায় ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

সারিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান সাহাম্মত করিম জানান, এমন ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।

সারিয়াকান্দি থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, এ ব্যাপারে কেউ তার কাছে অভিযোগ করেননি।

/এএ/