বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 

বগুড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মহানগরীর সাতমাথায় শেরপুর দই ঘরে অভিযান চালিয়েছে। এ সময় সেখানে ফাঙ্গাসযুক্ত দই সংরক্ষণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বৃহস্পতিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ভোক্তার অধিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে বগুড়া মহানগরীর সাতমাথা এলাকায় ‘শেরপুর দই ঘরে’ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ এ  অভিযানে ওই প্রতিষ্ঠানে ফাঙ্গাসযুক্ত দই বিক্রির জন্য সংরক্ষণ করতে দেখা যায়।  

এছাড়া প্রতিষ্ঠানটি উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ পরিবর্তনের মাধ্যমে ভোক্তা সাধারণের সঙ্গে প্রতারণা করার প্রমাণ পাওয়া যায়। এ সময় ফাঙ্গাসযুক্ত দইয়ের সরা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এ অপরাধের স্বীকারোক্তি দেওয়ায় শেরপুর দই ঘরকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাতমাথায় অবস্থিত বিভিন্ন দইয়ের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ও নিরাপদ খাদ্য আইন সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। 

অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশ।