পানের সঙ্গে গাঁজা চাষ, যুবক গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পানের বরজে গাঁজা চাষ করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার বরজ থেকে ছয়টি গাঁজাগাছ জব্দ করা হয়।

র‌্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১০ জুন) রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল পুঠিয়া থানার কাজুপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পানের বরজ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ছয়টি গাঁজাগাছ উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজাগাছগুলোর আনুমানিক ওজন সাড়ে আট কেজি। এ ঘটনায় গ্রেফতার সাহাবুর মোল্লা পুঠিয়া উপজেলার কাজুপাড়া গ্রামের বাসিন্দা মমিন মোল্লার ছেলে মো. সাহাবুর মোল্লা (৩৫)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর মোল্লা স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাগাছ চাষ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত গাছগুলো বিক্রির উদ্দেশ্যে চাষ করেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।