প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন

বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়।

এই প্রজ্ঞাপন গতকাল রবিবার প্রকাশিত হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’। স্থানীয় লোকজন জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনা হয়েছে। অবশ্য প্রতিমন্ত্রী দাবি করেছেন, তার সন্তানের নামের সঙ্গে মিল রেখে নয়, একটি ইউনিয়ন দুটি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ‘সীমান্ত’ এবং আরেকটি দূরবর্তী হওয়ায় ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে। সোমবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সেখানে তিনি ইউনিয়নের নামকরণের বিষয়ে ব্যাখ্যা দেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তার পৈতৃক বাসভবন ‘মীরবাড়ীর’ নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। অন্যদিকে তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি, ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তিয়াইল, গোড়না, ধামাহার, বাদলদিঘী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ মোট ১৫টি মৌজা নিয়ে ‘মীরবাড়ী’ নামে নতুন ইউনিয়ন পরিষদ করা হয়েছে। নতুন এই ইউনিয়নে মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি উপজেলার সাবেক আটমুল ইউনিয়নের বেতগাড়ী গ্রামে। প্রতিমন্ত্রী মীর বংশের সন্তান। বংশের নামানুসারে তার পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে এই ‘মীরবাড়ী’র নামে।

অপরদিকে, নবগঠিত মোকামতলা ইউনিয়নের মানকৈর, ভবানীপুর, অভিরামপুর, খেরুয়াপাড়া, কিশোরীপুর, জগন্নাথপুর, আমঝুপি, জীবনপুর, কুকি কালিদাস ও কুকি জগন্নাথপুরসহ ১১টি মৌজা নিয়ে ‘সীমান্ত’ ইউনিয়ন গঠন করা হয়েছে। এই ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। এ ছাড়া ভরিয়া (ভৈরা), মেঘাখর্দ্দ, আলমপুর, রহবল, সাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর, বোয়ালমারীসহ মোট আটটি মৌজা নিয়ে গঠিত হয়েছে ‘দীগন্ত’ ইউনিয়ন। এই ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

এছাড়া উপজেলার পলাশী, হাটগাড়ী, গোকর্ন, চন্দ্রহাটা, কচুয়া, গাথিলা গোপালপুর, ধাওয়াকান্দি, উত্তর কৃষ্টপুর, ছোবাহানপুর, কালুগাড়ী, ময়দানহাট্টা, দাড়িদহ, নিয়ামতপুর, বাগলপুর, চকবাগলপুর, খোর্দ্দ শোকড়া ও বুজরুক শোকড়াসহ মোট ১৭টি মৌজা নিয়ে গঠন করা হয়েছে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন। এই ইউনিয়নের লোকসংখ্যা মোট ১৮ হাজার ৯৩৪ জন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটার (আধা সরকারি পত্র) পাওয়ার পর দুই উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়। নামকরণের আগে এলাকাবাসীর মতামত গ্রহণের জন্য গণশুনানি করা হয়। সেখানে মোকামতলা উপজেলায় দেউলী ইউনিয়ন ভেঙে দুটি ইউনিয়ন করা হয়েছে। এ কারণে দেউলী নামের সঙ্গে সামঞ্জস্য রেখে দিগন্ত ইউনিয়ন নামকরণ করা হয়েছে। এ ছাড়া সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এ ইউনিয়ন ভেঙে সীমান্ত ইউনিয়ন নামকরণ করা হয়েছে। তবে মীরবাড়ি ইউনিয়নের নামকরণের বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।’

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, ‘বেতগাড়ী একটি পাড়ার নাম। সেখানে মীরবাড়ী নামে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা আছে। ইউনিয়নের নামকরণ হয়েছে বলে তা প্রতিমন্ত্রীর বাড়ির নামে হয়েছে, এমনটা বলার কোনও সুযোগ নেই।’

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলায় একটি এবং মোকামতলা উপজেলায় নতুন তিনটি ইউনিয়ন পরিষদ গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব এসেছে উপজেলা প্রশাসন থেকে। কোনও ব্যক্তি কিংবা কারও বংশের নামানুসারে নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব উপজেলা প্রশাসন থেকে আসলে এ বিষয়ে জেলা প্রশাসনের কিছুই করণীয় নেই। এসব নতুন ইউনিয়ন হওয়ায় প্রশাসনিক কার্যক্রম গতিশীল হবে।’

এ বিষয়ে সংসদে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, মোকামতলার সৈয়দপুর ও দেউলি—এ দুটি ইউনিয়ন ছিল অনেক বড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গণশুনানি করে নতুন নামকরণ করেছেন। সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে। সীমান্তবর্তী হওয়ায় এটার নাম হয়েছে ‘সীমান্ত’ ইউনিয়ন। আরেকটি গাইবান্ধার কাছে, এটি অনেক দূরবর্তী হওয়ায় ‘দিগন্ত’ নাম রাখা হয়।