বগুড়ার পাঁচ লক্ষাধিক শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আগামী ২৮ জুন সারাদেশের মতো বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল সাড়ে ৯টায় মহানগরীর দত্তবাড়ি এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল চত্বরে সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। 

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সিভিল সার্জন ডা. খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। সভায় জানানো হয়, বগুড়ায় পাঁচ লাখ ছয় হাজার ৩৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৬০ হাজার ৯৭০ জন এবং ১২-৫৯ মাস বয়সী চার লাখ ৪৫ হাজার ৩৯৮ জন। কর্মসূচি বাস্তবায়নে ১১টি স্থায়ী ও ২৬১৬টি অস্থায়ী ক্যাম্প স্থাপন
করা হয়েছে। এসব ক্যাম্পেইনে পাঁচ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবী সেবা দেবেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম নূর ই শাদীদ, মেডিক্যাল অফিসার ডা. নাফিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. খুরশীদ আলম বলেন, ‌শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ বিকাশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে ভিটামিন ‘এ’ ঘাটতির কারণে শিশুদের নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিলেও সরকারের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি সম্পূর্ণ নিরাপদ। স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, কোনও শিশু বাদ পড়লে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে বের করে কর্মসূচির আওতায় আনা হবে। ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সুষম খাবার সম্পর্কে সচেতন করাও অন্যতম উদ্দেশ্য।