স্কুলছাত্রীকে যৌন হয়রানি: ওষুধ কোম্পানির এসআরকে গণধোলাই

Natore eve teaser jailed 2নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে (এসআর) গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খান মঙ্গলবার দুপুরে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত গোলাম কবির (৩৫) জেলার সিংড়া উপজেলার শোয়াইর এলাকার আব্দুর রশিদের ছেলে এবং একটি ওষুধ কোম্পানির এসআর। 

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বেশ কিছুদিন থেকে গোলাম কবির উত্তর পটুয়াপাড়া এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। মঙ্গলবার সকালে নাটোর মহারাজা স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী উত্তর পটুয়াপাড়া এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় গোলাম কবির মোটরসাইকেল থামিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করেন। একপর্যায়ে তিনি ছাত্রীটির ওড়না কেড়ে নিয়ে চলে যেতে থাকেন। মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে গোলাম কবিরকে আটকে গণধোলাই দেন। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ কবিরকে উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়তে পারেন: তৃতীয় অস্ত্রোপচার হলো আবুল বাজানদারের হাতে

 

 

/বিটি/টিএন/