জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিণতি হবে পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই। বাংলাদেশ দিল্লির তাবেদারিতে চলবে না। শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেবো না আমরা।’
এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই—আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি আপনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি। আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি। ১৭ বছর পর আপনি যখন দেশে আসেন দেশের মানুষ যখন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিয়েছে, যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে। তাদের মুখের দিকে চেয়ে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে। আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন, তাহলে জনগণ আগামীতে ভোট দেবে। যদি আমানত রক্ষা করতে না পারেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন আগামীতে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ ভোট দেবে না।’
বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইজাজ আল ওয়াসী জ্বীমের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্যসচিব সুলতান মাহমুদ, এনসিপির দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
দুপচাঁচিয়ায় পথসভা শেষে এনসিপি নেতৃবৃন্দ সন্ধ্যা ৭টায় বগুড়া মহানগরীর দত্তবাড়ি এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি দত্তবাড়ি এলাকা থেকে শুরু হয়ে বড়গোলা, থানামোড়, কাঁঠালতলা থেকে নবাববাড়ি রোড হয়ে রানার প্লাজা, জলেশ্বরীতলা কালিমন্দির-ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে একটি পথসভায় অংশগ্রহণ করেন।