চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে (ক্যান্টিন) এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক ক্যান্টিন বয়কে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে এ ঘটনায় ওই নারী যাত্রী সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন। এতে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আসামি করা হয়। পাশাপাশি ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় আবু বক্করকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। তিনি নাটোরের আবদুলপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর এলাকার ওই নারী গত রবিবার রাতে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটির সিরাজগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি নেয়। তাই তিনি আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে নামার সিদ্ধান্ত নেন। ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন পার হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তাকে দেহ তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে ওই দুই পুলিশ সদস্য তাকে যৌন হয়রানি করেন। ওই সময় খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সান্তাহার থানার একটি দল চলন্ত ট্রেন থেকে আবু বক্করকে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘মামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। ওই দুই পুলিশ সদস্য এ ঘটনায় জড়িত কিনা—তা তদন্ত করা হচ্ছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।’

ওসি দুলাল উদ্দিন বলেন, ‘মামলায় ক্যান্টিন বয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া দুজন অজ্ঞাত রেল পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। গ্রেফতার আবু বক্কর সিদ্দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দুই পুলিশ সদস্যের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’