ফাঁকা ডিলারের ১৩০ পদ, একটির জন্য পড়েছে ১০ আবেদন করে

সিরাজগঞ্জে সারের ডিলার নিয়োগে ১৩০টি শূন্য পদের বিপরীতে ১২৭৩ জন আবেদন করেছেন। গড়ে প্রতি পদের জন্য ১০ আবেদন করে পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার ৮৩টি ইউনিয়ন ও সাতটি পৌরসভার ৯০টি ডিলার ইউনিটের বিপরীতে ৯২৪ জন আবেদন করেছেন। এর আগে ৪০টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছিলেন আরও ৩৪৯ জন। আবেদন গ্রহণের সময়সীমা ইতিমধ্যে শেষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলায় ২০৫, শাহজাদপুরে ৮৮, তাড়াশে ১২৯, সিরাজগঞ্জ সদরে ১৫৯, কাজিপুরে ৮৮, রায়গঞ্জে ১২৫, বেলকুচিতে ৩৬, কামারখন্দে ৭৫ ও চৌহালীতে ১৯ জন সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন।

উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে উল্লাপাড়ায়। উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে ২০৫ জন আবেদন করেছেন। অন্যদিকে নদীভাঙনকবলিত চৌহালীতে সবচেয়ে কম ১৯টি আবেদন জমা পড়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে এসব আবেদন করা হয়েছে।

আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাদের আবেদনকারীদের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিনের মধ্যে আবেদনকারীদের যোগ্যতা যাচাই ও সরেজমিন তদন্ত শেষ করে প্রতিবেদন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে জমা দিতে বলা হয়েছে। এরপর জেলা পর্যায়ে প্রতিবেদন যাচাই করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর এ মওলা বলেন, ‘উপজেলা থেকে প্রতিবেদন পাওয়ার পর আমরা তিন কার্যদিবসের মধ্যে সেগুলো মন্ত্রণালয়ে পাঠাবো। উপজেলা কৃষি কর্মকর্তাদের স্বচ্ছতার ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

জেলায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে বিপুলসংখ্যক আবেদন পড়ায় এখন আবেদনকারীদের যোগ্যতা যাচাই ও তদন্তের দিকে নজর রয়েছে। যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে ডিলার নিয়োগের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।