৮ বছর ধরে থাকা ছাত্রদলের এক জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক স্বপন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের কর্মকাণ্ড আরও চাঙা করতে শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে।

সাংগঠনিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ জুলাই ১৯ সদস্যের সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কমিটি অনুমোদন করেন। এতে জুনায়েদ হোসেন সবুজকে সভাপতি এবং সেরাজুল ইসলাম সেরাজকে সাধারণ সম্পাদক করা হয়।

পরবর্তী সময়ে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ কমিটি অনুমোদন করেন। এতে ৮৮ জনকে সহসভাপতি, ৬৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩২ জনকে সহসাধারণ সম্পাদক, ৫৪ জনকে সহসাংগঠনিক সম্পাদক এবং ৯৪ জনকে সদস্য করা হয়।