হুমকি পরোয়া করি না, লড়াই করে বিজয় ছিনিয়ে আনবো: জামায়াত আমির

বগুড়ায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,  ‘এবারের লংমার্চ হয়েছে ঢাকা থেকে রংপুরের দিকে। আগামী লংমার্চ হবে পঞ্চগড় থেকে ঢাকার দিকে। কোনও হুমকি-ধমকি বা নাটকের পরোয়া আমরা করি না। জনগণের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরবো না।’

তিনি বলেন, ‘সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। আট দফা মানা হলে এক দফার দরকার নেই। কিন্তু তা মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। লড়াই করে ১৮ কোটি মানুষের বিজয় ছিনিয়ে আনবো।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বগুড়া মহানগরীর মাটিডালি বিমান মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
ঢাকা থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাওয়া লংমার্চের বহরটি বগুড়ায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। মাটিডালী বিমান মোড়ের পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বগুড়া থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা লংমার্চে যুক্ত হন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ জনগণ হ্যাঁ বলে রায় দিয়েছে। আপনারা সেই ভোট চেয়েছেন, আমরাও চেয়েছি। কিন্তু আপনারা জায়গা পরিবর্তন করলেন কেন? জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করলেও আপনারা জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেননি।’

জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছিল। কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দেওয়া হয়েছে। সারের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকটও চরমে পৌঁছেছে।’

জ্বালানি মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘মন্ত্রী বলেন, বিদ্যুতের কোনও ঘাটতি নেই। তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়! এমন অবাস্তব কথা লজ্জার।’

চাকরির নিয়োগ পরীক্ষায় বৈষম্যের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘নতুন
সংবিধানে লিখিত পরীক্ষার তুলনায় ভাইভার নম্বর দ্বিগুণ করা হচ্ছে দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের নিয়োগ দেওয়ার জন্য। ২০২৪ সালের আন্দোলনে তরুণেরা চাকরির অধিকার ও বৈষম্য দূর করার দাবিতে জীবন দিয়েছেন, প্রয়োজন হলে তারা আবারও জীবন দিতে প্রস্তুত।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ১৩ বছরের সন্তান নিখোঁজ হওয়ার দুই দিন পর মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। কিন্তু দুঃখের বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করলেও নিজের মন্ত্রণালয়ের খোঁজ রাখতে পারেন না।’

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন,

বগুড়ার পথসভায় মহানগর জামায়াতের আমির আব্দুর রহমান সোহেলের সভাপতিত্বে
বক্তব্য দেন, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।

এর আগে লংমার্চের বহরটি সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে বগুড়ার চান্দাইকোনায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা স্বাগত জানান।