জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি

জানালার গ্রিল কেটে ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। কম্পিউটার, মনিটর ও সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে ওই চুরির ঘটনা ঘটেছে। একই অফিসে ৯ মাস আগেও চুরির ঘটনা ঘটেছিল। 

ভূমি অফিসে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সরকারি কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন জানান,  নয় মাসের ব্যবধানে ভূমি অফিসে দ্বিতীয় দফায় চুরি হয়েছে। চুরির এই ঘটনায় তার অফিসের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আবীর হোসেন বলেন, ‘সহকারী কমিশনারের (ভূমি) কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন দুর্বৃত্তরা। ওই কক্ষ থেকে এসিল্যান্ডের ব্যবহৃত একটি কম্পিউটার ও সিসিটিভি ক্যামেরার ডিভিআরসহ (ডিজিটাল ভিডিও রেকর্ডার) সংশ্লিষ্ট যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। যাতে চোর চক্রকে চেনা না যায়। সিসিটিভি যন্ত্রাংশ খুলে ফেলায় অফিসের নিরাপত্তা নজরদারির ব্যবস্থা আংশিকভাবে অচল হয়ে পড়ে। এরপর নাজিরের কক্ষ থেকেও কম্পিউটার, মনিটরসহ সিসিটিভির যন্ত্রাংশ খুলে নেয় দুর্বৃত্তরা। সকালে অফিসে এসে চুরির বিষয়টি টের পান ভূমি অফিসের কর্মকর্তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে সিসিটিভি ক্যামেরার ডিভিআর চুরি হওয়ায় ঘটনার সময়ের ফুটেজ পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।’ 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নামজারি থেকে শুরু করে খাজনা দেওয়া এবং ভূমি সংক্রান্ত নানা কাজ এখন অনলাইন মাধ্যমে হয়ে থাকে। সে কারণে কম্পিউটারগুলোতে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হয়। তবে ভূমি অফিস থেকে যেসব কম্পিউটার চুরি হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ কোনও তথ্য বা ডেটা সংরক্ষিত ছিল কিনা তা খতিয়ে দেখতে কাজ শুরু হয়েছে। 

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশে অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো পরীক্ষা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।’ 

স্থানীয় সূত্র বলছে, এর আগে গত বছরের ৫ ডিসেম্বর এই অফিস থেকেই কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছিল। চুরি হওয়া সেসব যন্ত্রাংশ উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাছাড়া সম্প্রতি উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকেও নানা ধরনের জিনিসপত্র চুরি হয়েছে। সেগুলোর কোন হদিস করতে পারেনি লালপুর থানা পুলিশ। সরকারি অফিস থেকে এভাবে হরহামেশাই চুরির ঘটনা ঘটায় নিজেদের সম্পদ নিয়ে সাধারণ মানুষ ব্যাপক আতঙ্কে রয়েছেন।