এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেবো। আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে যে শাস্তি হওয়ার, তা হবে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের পতনের পরও এত সাহস। ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকিধমকি দিয়ে কোনও কাজ হবে না।’

সিরাজগঞ্জ শহরে সম্প্রতি ঘটে যাওয়া মারামারির ঘটনা নিয়েও কথা বলেন স্থানীয় এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেবো না। কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা ন্যক্কারজনক। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। আপনাদের ভোটে নির্বাচিত।’ 

তিনি আরও বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, সেটা এখন নেই। ধৈর্য ধরে আপনারা সরকারের সঙ্গে ছিলেন। আপনাদের সঙ্গে নিয়েই দেশ চালাতে চাই।’

জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হক প্রমুখ।