চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কানসাট-চৌডালা সড়কের বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার পুলিশমাইল ঝাবুবাজার এলাকার আয়েস উদ্দিন (৭০) এবং তার ছেলে শরিফুল ইসলাম (৪৪) ও শিবনারায়ণপুর গ্রামের আব্দুল হামিদ (৬০)।
শিবগঞ্জ থানার এসআই সাহাদাৎ বলেন, চৌডালা থেকে গবাদিপশু বোঝাই ভটভটিটি কানসাটের দিকে যাচ্ছিল। পথে বুড়িপুকুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েস উদ্দিন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আবুল হায়াত যাত্রী শরিফুল ইসলামকেও মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত বাকি পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে আব্দুল হামিদ মারা যান।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ভটভটিটিতে চারটি গরুও পরিবহন করা হচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।