অবৈধভাবে বাড়িতে সার মজুত, জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দে নির্ধারিত গুদামের বাইরে বাড়িতে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের দায়ে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সার ডিলার মনিরুল ইসলাম (৪৫) কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।

মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয়দের কাছ থেকে সার অবৈধভাবে মজুতের খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সার ডিলার হিসেবে মনিরুল ইসলাম তার নির্ধারিত গুদামের বাইরে বাড়িতে নিয়ে ইউরিয়া সারগুলো মজুত করে রেখেছিলেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর সার ব্যবস্থাপনা আইনে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধভাবে সার মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখানে বাড়িতে ১৮ বস্তা ইউরিয়া সার মজুদের সত্যতা পাওয়া যায়। পরে আইন অনুযায়ী ডিলার মনিরুল ইসলামকে অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি হাশমত আলীসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।