ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল। মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল এবং বাংলার মাটিতে তার দলের কোনও স্থান হবে না।’
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনও লাভ নেই। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের স্থান হবে না।’
অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে ভূমিমন্ত্রী বলেন, ‘তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকে ক্ষতি করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো তারা আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করছে। বাংলাদেশ আল্লাহর জমিন; দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতেই চলে যাওয়া উচিত।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।’
আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ‘যারা ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ এবং ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে। জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা চরম বিপদে সর্বদা জনগণের পাশে থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি আমরা।’
জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।