সাংবাদিকদের ওপর হামলাকারীরা ভিডিওতে স্পষ্ট, তবু অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রশাসনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) মতিহার থানায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে ছবি-ভিডিওতে হামলাকারীদের স্পষ্ট দেখা গেলেও অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। এ ছাড়া বিকাল ৪টার মধ্যে তাদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন তারা। 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়েছে। আমরা মামলাটি নিয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, ‘মতিহার থানায় একটি মামলা হয়েছে। রাবির শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তিনি মামলাটি করেছেন। এর সঙ্গে যারা জড়িত, যদি প্রাথমিকভাবে এগুলো প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তবে হামলার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। এ ছাড়া বিকাল ৪টার মধ্যে তাদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন তারা। তাদের দাবি, হামলার ঘটনায় জড়িতদের ছবি-ভিডিওতে স্পষ্ট দেখা দেখা গেলেও প্রশাসন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব বলেন, ‘আমরা প্রত্যেকেই চিন্তিত। হামলার সব ফুটেজ আমাদের কাছে রয়েছে, সারা দেশের মানুষও তা দেখেছে। কারা এ ঘটনায় জড়িত, তা আয়নার মতো পরিষ্কার। ইতোমধ্যে তাদের নাম, পদবি ও পরিচয়সহ সংবাদ প্রকাশিত হয়েছে। ফলে অজ্ঞাতনামা আসামি করে মামলা করার কোনও প্রশ্নই আসে না। আমাদের দাবি, হামলায় জড়িত প্রত্যেকের নাম উল্লেখ করে মামলা করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইরফান তামিম বলেন, ‘হামলার ঘটনায় কারা জড়িত, সেটা নিয়ে কোনও অস্পষ্টতা নেই। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে জড়িতদের নাম-পদবি-পরিচয়ও প্রকাশিত হয়েছে। এরপরও অজ্ঞাতনামা মামলা করা অত্যন্ত হতাশাজনক। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের নাম উল্লেখ করে মামলা করতে হবে এবং দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকরা হলেন—দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর এহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফুজ্জামান কোরবান এবং সমকালের মাইনুল ইসলাম রাজু।

এদিকে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে আজ সকালে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।