বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২

রাজশাহীর তালাইমারী এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহ জালালী (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী।

নিহত শাহ জালালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান। আহত দুজন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে দ্রুতগতিতে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি প্রথমে এক নারী পথচারীকে ধাক্কা দেয়। ধাক্কায় ওই নারী সড়কের পাশে ছিটকে পড়েন। এরপর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান বলেন, ‘আমাদের এখানে মোট তিন জন চিকিৎসা নিতে আসেন। তাদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।’

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গাড়িসহ থানায় নিয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় মামলা হয়েছে কি না, জানতে চাইলে গাজিউর রহমান বলেন, ‘এখনও কোনও মামলা হয়নি। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে মামলা হবে।’