বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালনরত টহল পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তার সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় এএসআই উজ্জ্বল নামে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ২৮ মামলার আসামি রতন ব্যাপারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গ্রেফতার রতন ব্যাপারী (২৯) চেলোপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় রতন ব্যাপারীর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে টহল দেওয়ার সময় কয়েকজনকে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় পুলিশ রতন ব্যাপারীকে গ্রেফতার করে। পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা ও আশপাশে থাকা স্বজনেরা পুলিশের ওপর চড়াও হন এবং রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় এএসআই উজ্জ্বল আহত হন।
ওসি আরও জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রতন ব্যাপারীকে থানায় নেওয়া হয়। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।