ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার, সড়কেই হারালেন প্রাণ 

বগুড়ার শেরপুরে দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গোলাম রব্বানী (৩৩) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পুলিশ সদর দপ্তরে এসআই হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ছোনকা ওভারপাস ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য জানান। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পুলিশ কর্মকর্তা গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। তাকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি শুক্রবার রাত ৮টার দিকে বগুড়ার শেরপুরের ছোনকা ওভারপাস ব্রিজের সংযোগস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়ক বিভাজককে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পেছনের আসনে থাকা গোলম রব্বানী ঘটনাস্থলেই মারা যান। অন্য আরোহীরা আহত হয়েছেন।

শেরপুর থানার এসআই জাহিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যান। 

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ফলে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। একজন আহত হলেও তার সন্ধান পাওয়া যায়নি। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।