মহাসড়কে যুবলীগের মিছিল, দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ প্রত্যাহার

সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার এএসআই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের গাড়ি দেখা গেছে। এ ঘটনায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ওই গাড়িতে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

মিছিলের একটি ভিডিও আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। পরে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এদিকে, এ মিছিলের ঘটনায় বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করে।