একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী শক্তি বাংলাদেশের নায়ক হতে পারে না উল্লেখ করে বিএনপির সাবেক এমপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, জামায়াতে ইসলামীর উপযুক্ত জায়গা পাকিস্তান, তাদের সেখানেই পাঠানো হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচিত সরকারের উদ্দেশে সমালোচকদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘নির্বাচিত সরকারকে আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। এর জবাবে আমরাও বলি, রেডি হও জামায়াতে ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদের পাকিস্তান পাঠানো হবে।’
এ সময় তিনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে যেই দেশের বিরোধিতা করে, সেই বিরোধিতাকারীর শক্তি হবে বাংলাদেশের নায়ক আর মুক্তিযোদ্ধার সন্তান। প্রজন্ম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যাব ইন্ডিয়া আর লন্ডন। এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘খাসির মাংস খাবা বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ কি জামায়াতে ইসলামীতে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনও নমুনা নাই, কোনও নমুনা নেই।’
পাপিয়া বলেন, ‘সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না, বিরিয়ানির প্যাকেট আর নেবেন না। নতুন নতুন বোরখা আর নেবেন না, দুইশ টাকা দিয়ে শফিক সাহেবের মিটিংয়ে আর আসিয়েন না।’
এ সময় তিনি বলেন, ‘বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করে।’
জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এছাড়া জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।